শাল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেল ৩টায় উপজেলা গণমিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি অতিবৃষ্টি ও অকাল বন্যায় হাওর অঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। কৃষি উৎপাদন ও কৃষকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পারভীন আক্তার চৌধুরী স্থানীয় বিচারিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু অসাধু নেতাকর্মী বিচারের নামে টাকার লেনদেন করছেন, যা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরণের অনিয়ম ও দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি থানা কর্তৃপক্ষকে কোনো ধরণের প্রভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে আইনি সেবা প্রদানের অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল আউয়াল, মাহবুব সোবহানী চৌধুরী এবং শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়। সংশ্লিষ্টরা জানান, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতেই সরকারের এই ক্ষুদ্র প্রয়াস।
