জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাদ্দাম হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাত ১০টা ২৫ মিনিটের দিকে উপজেলার উত্তর ইউনিয়নের পূর্ব লম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে পূর্ব লম্বাবাক এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে কনস্টেবল মো. শরীফ ও পারভেজ মোশারফকে নিয়ে একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
জামালগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
