ফেঞ্চুগঞ্জে প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের বিদায় সংবর্ধিত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দীনের অবসরজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহেল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক মো. মনসুর আলীর সঞ্চালনায় বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. নিজাম উদ্দীন একজন নিষ্ঠাবান, সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে দীর্ঘকাল শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন আদর্শ শিক্ষকের যে গুণাবলী থাকা প্রয়োজন, তার প্রতিফলন আমরা তার মধ্যে দেখেছি। তাঁর কর্মনিষ্ঠা ও আদর্শ নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার দাস, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দীন এবং ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন পাপ্পু। এছাড়াও প্রধান শিক্ষক তপন কুমার পাল, ফারহানা খানম, বিউটি রানী পাল এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এক আবেগঘন পরিবেশে উপস্থিত সকলে তাঁর সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
