নবীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা নদীর তীরে মমিনা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের সুন্দর আলী পীর সাহেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সুনাম উদ্দিন বাড়ির অদূরে বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে মাছ ধরতে যান। বেলা দেড়টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ প্রচণ্ড বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
