কোম্পানীগঞ্জে মাদক ও চোরাচালান মামলার পলাতক আসামি গ্রেপ্তার
সিলেটের কোম্পানীগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও চোরাচালান মামলার দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার কালাইরাগ গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং কোম্পানীগঞ্জ থানা পুলিশ এই যৌথ অভিযান শুরু করে। অভিযানে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৮ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা এবং পুলিশের পক্ষে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাস।
অভিযানে গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মনিরুল ইসলাম। তিনি কালাইরাগ গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে। বিজিবি জানায়, ধৃত মনিরুল মাদক ও চোরাচালান সংক্রান্ত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৪৮ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত রক্ষা এবং অবৈধ মাদক ব্যবসা নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
