জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের এক সফল অভিযানে ৪ কেজি গাঁজাসহ তাজুল ইসলাম সুজন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) রাতে উপজেলার বেহলী ইউনিয়নের রাইঙ্গা নদীর পাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে কনস্টেবল শরীফ ও পারভেজকে সাথে নিয়ে রাইঙ্গা নদীর পাড়ে জনৈক সেলিম আহমদের অস্থায়ী মুদি দোকানের পশ্চিম পাশে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী তাজুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হলেও সজিব দাস (২৫) নামে অপর এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম সুজন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের সত্তার মিয়ার ছেলে। অন্যদিকে পলাতক সজিব দাস একই উপজেলার সাচনা (শশ্মান ঘাট) এলাকার অজেন দাসের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ৪ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
