নাসের রহমান এমপির সাথে জেলা আল-ইসলাহ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এম. নাসের রহমানের নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মো. শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হকের নেতৃত্বে জেলা, সদর উপজেলা, পৌর ও রাজনগর উপজেলা শাখার একটি প্রতিনিধি দল এতে অংশ নেন।
শুভেচ্ছা বিনিময়কালে এম. নাসের রহমান এমপি আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের পূর্ণ সহযোগিতায় আল্লাহ তায়ালা আমাকে বিজয়ী করেছেন। আমি এই আসনের সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই। এসময় তিনি এলাকার উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আল-ইসলাহ ও বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল-ইসলাহ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল আলীম, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মো. মকবুল হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম ও মাওলানা ফয়জুল ইসলাম, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বখশি মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন।
এছাড়াও রাজনগর উপজেলা আল-ইসলাহ ও লতিফিয়া ক্বারী সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
