সুনামগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী কামরুল
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে ১৭৭টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিএনপির প্রার্থী কামরুজ্জমান কামরুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৭১ হাজার ১৫৫ ভোট বেশি পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ১৭৭টি কেন্দ্রের ফলাফল সিট অনুযায়ী এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত ফলাফলের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১লাখ ৬১ হাজার ৫৬১ ভোট। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯০ হাজার ৪০৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, সব কেন্দ্রের ফলাফল একত্রিত করার পর এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ আসনে চারটি উপজেলার ২৩টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১৭৭টি। মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।
