ওসমানীনেগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষ ছিনতাইকালে স্বেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৬ (ভিডিওসহ)
ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষ বোঝাই একটি পিকআপ ছিনতাইকালে ৬ জনকে আটক করা হয়েছে। এসময় গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। আটককৃতদের মধ্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল নেতা টিটন কুমার মল্লিকও রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আটককৃতদরে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটককৃতরা চুরি, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।
আটককৃতরা হচ্ছেন সিলেট নগরীর শাহপরান থানার টিলাগড় ৩১ আবসিক এলাকার শৈলেন কুমার মল্লিকের ছেলে টিটন কুমার মল্লিক (৪৩), বহর আবাসিক এলাকার মৃত নামর আলীর ছেলে কামরুল ইসলাম (৪২), দলাইপারা আবাসিক এলাকার আইয়ুব আলীর ছেলে মিন্টু মাহমুদ (৪০), বহর আবাসিক এলাকার মৃত আব্দুল আলীর ছেলে তারেখ আহমদ সুরুক (৪২), খাদিমপাড়া আবাসিক এলাকার সৈয়দ আবুল কালামের ছেলে সৈয়দ রাসেল মাহমুদ (৪৫) এবং জৈন্তাপুর থানার চিকনাগুল (পূর্ব হাত জোয়ানী) গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫২)।
জানা যায়, রোববার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের তেরমাইল এলাকায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় মহিষ বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৭০২৩) গাড়িকে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৪১৬০) গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপের চালককে মারধর করে। স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে গেলে ছিনতাইকারীদের কয়েকজন পালিয়ে যায়। এ সময় দুইজনকে আটক করে বেধড়ক পিটুনী দিলে মহিষ বোঝাই পিকআপ ছিনতাইয়ের প্রচেষ্টার কথা স্বীকার করে এবং টিটন মল্লিক নামের একজন নিজেকে সিলেট স্বেচ্ছাসেবকদল নেতা বলে পরিচয় দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত টিটন কুমার মল্লিক ও আব্দুর রশিদসহ পিকআপ ও মাইক্রোবাস থানায় নিয়ে যায়। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করে। গণপিটুনীতে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতরা জানিয়েছে, পিকআপ ভর্তি মহিষ ছিনতাইয়ের উদ্দেশ্যে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্তর এলাকা থেকে তারা মাইক্রোবাস নিয়ে ওই পিকআপের পিছু নেয়।
