সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
দলীয় সূত্রে জানা গেছে, কামরুলকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের বিষয়টি নিশ্চিত করে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিক চিঠি প্রদান করা হয়েছে। তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, এই আসনে প্রার্থিতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। শুরুতে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হককে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে গত ২৮ ডিসেম্বর রাতে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আরেকটি চিঠিতে বিকল্প প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে মনোনয়ন দেওয়া হয়। সবশেষ যাচাই-বাছাই ও অভ্যন্তরীণ পর্যালোচনার পর কামরুলকেই ধানের শীষের চূড়ান্ত কাণ্ডারি হিসেবে বেছে নিল বিএনপি।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন, ‘দলের প্রতি মানুষের যে অগাধ আস্থা ও প্রত্যাশা রয়েছে, তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার আদায় ও এলাকার সুষম উন্নয়নের জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
এদিকে, জেলার অন্য আসনগুলোতেও প্রার্থীদের নাম চূড়ান্ত করা হচ্ছে। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সিলেট-৬ আসনে এখনও একাধিক প্রার্থী থাকায় চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
কামরুলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় সুনামগঞ্জ-১ আসনের অন্তর্গত চার উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন।
