কমলগঞ্জে ৫টি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার করলো র্যাব
মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডের উত্তর পাশে পাত্রখোলা শ্মশান এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে শ্মশান এলাকার একটি ঝোপের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় পাঁচটি এয়ারগান পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত এয়ারগানগুলো বড় ধরনের কোনো নাশকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
