৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বিএনপি নেতাসহ ২ জনের বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ত্রুটির কারণে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-৪ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু (স্বতন্ত্র/দলীয়), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত অ্যাডভোকেট আবুল হাসান এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন।
অন্যদিকে, প্রয়োজনীয় নথিপত্রে ত্রুটি বা অন্য কোনো কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী হলেন— বিএনপি নেতা জালাল উদ্দীন আহমেদ জিপু এবং মূঈদ আশিক চিশতী।
রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সাথে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার-৪ আসনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বৈধ প্রার্থীরা এখন আনুষ্ঠানিক প্রচারণার অপেক্ষায় রয়েছেন।
