কমলগঞ্জে ৫০ উদ্যোক্তার অংশগ্রহণে কৃষি পণ্যের ‘প্রোডাক্ট লঞ্চিং’ প্রোগ্রাম
মৌলভীবাজারের কমলগঞ্জে আরএমটিপি ও পাতাকুঁড়ি সোসাইটির বাস্তবায়নে ‘ইকোলজিবান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নেন। উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে ছিল জুম্মান উদ্দিনের সুরাইয়া মশলা এন্ড ফুড প্রডাক্টস, রহিমা বেগমের মা পটেটো ক্রাকার্স, রাজিয়া বেগমের মণিপুরী শাড়ী, গাজী নার্সারির চারা, সিরাজ কুটিরের বেতের আসবাবপত্র, মহিবুর রহমানের ফরাস বীজ, অঞ্জলী সিনহার মোয়া ও আচার এবং নগেন্দ্র কুমার সিংহের জেন্টিবি সরিষার তেল। এছাড়া আইজুন ও সবজান বিবির কেঁচো সার এবং আব্দুর রহমানের কালেকশন সেন্টারের নিরাপদ সবজির স্টল সবার নজর কাড়ে।
প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন পাতাকুঁড়ি সোসাইটির প্রধান নির্বাহী দেবাশীষ দত্ত। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ভিসিএফ মো. তারেক নাসির উল্লাহ।
