দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য শত বছরের: শিশির মনির
দূর্গা পূজা উপলক্ষে শাল্লা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির। সোমবার তিনি নিয়ামতপুর, আনন্দপুর, হবিবপুর, সাউদেরশ্রী, শাসখাই, ডুমরা, মুক্তারপুর, মেঘনাপাড়া ও ঘুঙ্গিয়ার গাঁও কালিমন্দিরসহ ১০টি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে শিশির মনির বলেন, দিরাই-শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে শত বছরের ঐতিহ্য রয়েছে, তা বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে হিন্দু-মুসলমানের মিলবন্ধন অটুট রয়েছে এবং এ বন্ধন বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, সংখ্যালঘু শব্দের কোনো প্রয়োজন নেই, আমরা সকলে এই দেশের সমান অধিকারভুক্ত নাগরিক। এদেশে যেমন মসজিদে আজান হবে, তেমনি মন্দিরে পূজাও চলবে-এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।
এছাড়া দুর্গাপূজা উপলক্ষে মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে শাল্লার বিভিন্ন পূজামণ্ডপে গরিব ও বিধবা নারীদের মধ্যে পাঁচ শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টিকেন্দ্র দাস, বিশ্বরূপ দাস, তপন সরকার, বাবলু মেম্বার, রথীন্দ্র দাস, তৌহিদ মনির, আমজাদ হোসেন ইমন, সবির মিয়া, রাহাত মনির প্রমুখ।

