বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে শিক্ষার্থীর সলিল সমাধি
সিলেটের বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে এক ক্ষুদে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম মাজেদ আহমদ, সে বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
মাজেদ পৌরশহরের পন্ডিতপাড়া এলাকার ইমাম উদ্দিনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আন্তঃক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের পাশের একটি পুকুরে মাজেদসহ অন্যান্য শিক্ষার্থীরা প্রশিক্ষণে গিয়েছিল। সাঁতারের এক পর্যায়ে মাজেদ পানিতে তলিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই আকস্মিক দুর্ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা হতবিহ্বল হয়ে পড়েছেন। সমগ্র এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

