মাধবপুরে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড
হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবনের দায়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তেলিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রফিকুল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে তাকে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল আলীমের ছেলে। বর্তমানে তিনি মাধবপুরের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করছেন। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, রফিকুল দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত। সম্প্রতি বিভিন্ন স্থানীয় দৈনিকে তার মাদক ব্যবসার কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। রফিকুল ইসলাম নিজের দোষ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
দণ্ডাদেশের পর আইনানুগ প্রক্রিয়া শেষে রফিকুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
