জৈন্তাপুর সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে। সোমবার তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি (বর্ডার আউট পোস্ট) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে এই বিশাল চালান আটক করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, মহিষ, জিরা, গরু, পেঁয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াশ, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, এবং বিয়ার। এছাড়াও অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা সম্ভব হয়েছে।
বিজিবি আরও জানায়, আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
