পিয়াইন নদীতে চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ
গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নৌপথে আসা চোরাচালানের পন্য আটকাতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন বিজিবি সদস্য মাসুম বিল্ল্যাহ (৩৫)। তিনি সোনারহাট সীমান্ত ফাড়িতে কর্মরত ছিলেন। শনিবার ( ৯ আগষ্ট) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পিয়াইন নদীর পন্নগ্রাম ফেনাইকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার সময় নৌকাভর্তি করে অবৈধভাবে ভারতীয় সুপারীর চালান নিয়ে আসছিল চোরকারবারিরা। তা টের পেয়ে আরেকটি নৌকা নিয়ে চোরাচালানের নৌকাকে ধাওয়া করে বিজিবির টহল দল। এসময় চোরাচালানের নৌকার ধাক্কায় তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়। পরে বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনভাবে সাঁতরে নদীর কিনারে উঠলেও নিখোঁজ রয়েছেন সিপাহী মাসুম বিল্ল্যাহ।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ বিজিবি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে স্থানীয় লোকজনও।
বিজিবি ৪৮ ব্যাটালিয়ন'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম বলেন,ভারতীয় চোরাচালান পন্যবাহী নৌকার ধাক্কায় বিজিবির টহলদলকে বহনকারী নৌকা ডুবে সিপাহী গিয়ে মাসুম বিল্লাহ নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।
রিপোর্ট লেখা পর্যন্ত ৭টা পর্যন্ত স্থানীয় ভাবে উদ্ধার তৎপরতা চলছিলো।
