পদ খোয়ালেন যুবদল নেতা মাসুক মিয়া
সুনামগঞ্জের জামালগঞ্জে সংখ্যালঘুর বিল দখলের অভিযোগে উপজেলা যুবদলের পদ হারালেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজস্ব বাহিনী দিয়ে অন্যের জলমহাল দখল করে মাছ লুট করার অভিযোগে সম্প্রতি প্রিন্ট, ইলেকট্রনিকক্স ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয় উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুক মিয়ার বিরুদ্ধে।
এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে পড়লে তদন্তের নির্দেশনা দেন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের। তদন্তে জামালগঞ্জ উপজেলার গোপালপুর মৎস্যজীবি সমবায় সমিতির ‘শালমারা জলমহাল গ্রুপটি’ অবৈধ উপায়ে চেয়ারম্যানের নিজস্ব বাহিনী দিয়ে দখল করা ও বিভিন্নভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুক মিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবং বহিস্কৃত নেতৃবৃন্দের অপকর্মের দায়ভার দল বা কেন্দ্রীয় যুবদল নেবে না। এছাড়াও যুবদলের সকল নেতাকর্মীদের বহিস্কৃতদের সাথে কোনো সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুক মিয়াকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের কিছু করার নেই।
