জকিগঞ্জে ভাগ্নের হাতে মামা খুন
জকিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আবুল হোসেন লিচু (৪২) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবুল হোসেন মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে। তাঁর চার বছর বয়সী একটি ছেলে ও দুই বছর বয়সী একটি মেয়ে আছে। তিনি স্থানীয় একটি বাজারের চা–দোকানি ছিলেন। অভিযুক্ত ব্যক্তিরা একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচুর সঙ্গে তার পাশের বাড়ির বাসিন্দা ও চাচাতো বোন সর্ম্পকের ভাগ্নে জাকারিয়া আহমদের (২২) জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের সূত্র ধরে ও সম্প্রতি সময়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ, মৃত ময়না মিয়ার ছেলে জোবেল আহমদ (২৫) ও মামন আহমদ (২১) আবুল হোসেনের বাড়িতে রড, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চালায়। পরে তাঁকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এরই মধ্যে দুই পরিবারের শিশুদের ঝগড়া হয়। এ নিয়ে বড়রা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে একজন খুন হয়েছেন। যিনি খুন হয়েছেন, তিনি অভিযুক্ত ব্যক্তির সম্পর্কে মামা হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের ধরতে অভিযান শুরু চলছে।
