জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন
শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় কারান্তরীণ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের বিএম কলেজসংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় তার পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে মুখোশ পরা ২৫-৩০ জনের একটি দল বৈদ্যপাড়া এলাকায় জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনের একটি কক্ষ ও গ্যারেজ ভাঙচুরের পর সেখানে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএম কলেজের ওই এলাকায় জিয়াউল আহসান ও তার পরিবারের সদস্যদের একাধিক বহুতল ভবন রয়েছে। এর মধ্যে জিয়াউল আহসানের বাড়িতেই হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ভাঙচুর ও অগ্নিসংযোগে বাড়িটির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ মহারাজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। কে বা কারা এ হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা এখনো জানা যায়নি।

