বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন
বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক ঘটনায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিল ও জেলা বিএনপির নেতা অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
বুধবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, বিএনপি নেতাকর্মীদের ছবি এবং অন্যান্য আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে যায়। এ সময় কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লিখে যায় দুর্বৃত্তরা।
এদিকে বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক বলেন, রাতের অন্ধকারে শেখ হাসিনার দোসররা বারুইপাড়া ইউনিয়নের ঝাউতলায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে। একই সঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। দুর্বৃত্তদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন।
অন্যদিকে বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করেও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

