সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ
সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪১ হাজার ২৫০ টাকা।
এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও অস্ত্রসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা এসব চোরাই মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
