দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান ইসলামী ঐক্যজোটের
দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সিলেট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী ও সাধারণ সম্পাদক এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে ভোগান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তাঁরা দাবি করেন, দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।
একই সঙ্গে দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খল তৎপরতা কঠোর হস্তে দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ।

