সিলেটে প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে এর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে নগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। বিগত কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে তারা দেশকে আবারও অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
কর্মসূচির অন্যতম সংগঠক এবং সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুর রাউফ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, গণ-আন্দোলনের মুখে ক্ষমতা হারানো গোষ্ঠী এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় জনগণকে রাজপথে থেকে সকল অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসাস সিলেট জেলার সদস্য সচিব রায়হান এইচ খান, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য ডা. নিজাম আহমেদ চৌধুরী এবং ড্যাবের আজীবন সদস্য রায়হান আহমেদ।
এছাড়াও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আশফাক আহমদ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. ইহরাজ রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত রহমান সৌরভ, পার্কভিউ মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাহাত ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন ইবনে মাহবুব এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মাহদিন ইসলাম চৌধুরীসহ রাগীব-রাবেয়া, নর্থ ইস্ট, পার্কভিউ ও সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

