কাতার বিশ্ববিদ্যালয়ে বড়লেখার কৃতি শিক্ষার্থী আফরোজার স্বর্ণপদক অর্জন
আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন মৌলভীবাজারের বড়লেখার মেয়ে আফরোজা বিনতে নুর (খাদিজা)। মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান কাতার বিশ্ববিদ্যালয়ে অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ ‘গোল্ড মেডেল’ অর্জন করেছেন। সর্বোচ্চ নম্বর অর্জনের সুবাদে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ‘ডিনস লিস্টেও’।
আফরোজা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের কাতারপ্রবাসী আব্দুল নুরের জ্যেষ্ঠ কন্যা।
জানা গেছে, সম্প্রতি আফরোজা কাতার বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফার্মেসি থেকে কৃতিত্বের সঙ্গে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। অনন্য ফলাফল ও সার্বিক একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এই স্বর্ণপদকে ভূষিত করে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফার্মেসির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আব্দেল আলী এগুনির হাত থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সম্মানসূচক গোল্ড মেডেল ও সনদপত্র গ্রহণ করেন।
বিদেশের মাটিতে এমন সম্মাননা অর্জন নিজের শিক্ষাজীবনের বড় প্রাপ্তি উল্লেখ করে আফরোজা উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যেতে চান। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বছর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অব ফার্মেসি’ (ফার্মডি) প্রোগ্রামে উচ্চতর ডিগ্রি অর্জনের পরিকল্পনা করেছেন। এর মাধ্যমে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সুদৃঢ় করতে চান তিনি।
মেয়ের এই গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বসিত আফরোজার পরিবার ও স্বজনেরা। তাঁর এই অসামান্য অর্জন বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং এটি নতুন প্রজন্মকে আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে মনে করছেন এলাকাবাসী। আফরোজার ভবিষ্যৎ সাফল্যের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।
