আজমিরীগঞ্জে নাশকতার অভিযোগে নিষিদ্ধ দলের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেফতার ২
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের ২৭ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন কুমার সুর বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়া, অপরাধ সংঘটনে সহায়তা, অপরাধের চেষ্টা এবং গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এজাহার অনুযায়ী, মঙ্গলবার আজমিরীগঞ্জ উপজেলার ২ নম্বর বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত ও নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের কাছে তথ্য আসে।
মামলায় নাম উল্লেখ করা ২৭ আসামি হলেন—রাসেন্দ্র চন্দ্র দাস (৪২), ছক্তার মিয়া (৬৫), মহিবুর রহমান মাহি (৩৭), ইজাজুল চৌধুরী জুয়েল (২৯), আল নেওয়াজ হাসান (৩০), লাউছ মিয়া (৪২), হেলিম মিয়া (৪২), তুষার আকন্দ (৩৭), আমির হামজা (৩৭), কাদির মিয়া (৩৭), সাব্বির হোসেন (২৮), পংকজ কুমার দাস (৩৪), অষিশ তালুকদার (৪২), অদ্বৈত্য তালুকদার (৪৫), শেখ আমির হামজা (৪৩), বাদল তালুকদার (৩৮), সুতলাল দাস (৬০), হান্নান মিয়া (৫০), মিজানুর রহমান (৪৫), আব্দুল আউয়াল (৫০), স্বাধীন মিয়া (৩০), আলী মিয়া (৫০), প্রদীপ রায় (৫০), মহিন মিয়া (৩২), রাসেল মিয়া (৩৫), ইসলাম উদ্দিন (৪৫) ও হুমায়ুন মিয়া (৫০)। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানা পুলিশ জানায়, মামলার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

