মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং খামারিদের পক্ষে মোত্তাকিন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করার কোনো বিকল্প নেই। এজন্য তৃণমূলের খামারিদের সহজ শর্তে ঋণ, উন্নত জাতের গবাদিপশু সরবরাহ, আধুনিক চিকিৎসাসেবা, নিয়মিত টিকাদান এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণদের এ খাতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা দেশের প্রাণিসম্পদ খাতের বিকাশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ববর্তী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা উল্লেখ করেন, ১৯৯২ সালে জাতীয় প্রাণিসম্পদ উন্নয়ন নীতি প্রণয়ন এবং ১৯৯৩ সাল থেকে ক্ষুদ্র দুগ্ধ খামারিদের জন্য ভর্তুকি প্রদানের যুগান্তকারী উদ্যোগ এ খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি করে দেশকে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ করতে খামারি ও প্রশাসনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

