বানিয়াচংয়ে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
হবিগঞ্জের বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মেহরাব হোসাইন বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অপরিসীম। এ খাতের টেকসই বিকাশে খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে গবাদিপশুর সঠিক পরিচর্যা ও রোগ প্রতিরোধে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
সভাপতির বক্তব্যে ডা. আবুল কাশেম বলেন, দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। খামারিদের দোরগোড়ায় চিকিৎসাসেবা, বৈজ্ঞানিক পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মীরা আন্তরিকভাবে সচেষ্ট রয়েছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি কম্পাউন্ডার মো. মোখলেছুর রহমান, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (কৃত্রিম প্রজনন) সুমন চন্দ্র দাস, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মামুন চৌধুরী ও অধিবাস চন্দ্র দাস এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক দীপক রঞ্জন দেব।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মোতাব্বির হোসেন, ইমদাদ খান, আনোয়ার হোসেন ও দিলোয়ার হোসাইন প্রমুখ।

