সেরা খামারির স্বীকৃতি পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের লাখাউরায় প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর মাধ্যমে জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা অর্জন করেছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন।
সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে অবদান রেখে আসছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির গবাদিপশু নিয়ে গড়ে তোলা হয়েছে খামারটি।
খামার পরিচালনায় সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশের খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি। এ সময় খামারিদের জন্য প্রণোদনা ও সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে তাঁর এই অর্জনকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী হিসেবে নয়, একজন খামারি হিসেবে অর্জিত এই স্বীকৃতি আরিফুল হক চৌধুরীর কর্মজীবনে নতুন এক অধ্যায় যুক্ত করেছে।

