বিয়ানীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিয়ানীবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।
আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত কেবল আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদাই পূরণ করে না, এটি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, উদ্যোক্তা তৈরি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নানা কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান মিশু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

