আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ হীরাকে যুবদলের সংবর্ধনা
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সংবর্ধনা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর নাইওরপুল পয়েন্ট সংলগ্ন একটি অভিজাত রেস্টুরেন্টে এই বর্ণাঢ্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্থান অর্জন করে হাফেজ ইহতেশামুল হক হীরা সিলেট তথা গোটা বাংলাদেশের নাম বিশ্বদরবারে উজ্জ্বল করেছেন। তিনি দেশের জন্য এক বিরল গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অবিস্মরণীয় সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কুরআন চর্চায় গভীরভাবে অনুপ্রাণিত করবে।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।

