ইলিয়াস আলীকে গুমের মামলায় তদন্ত প্রতিবেদন ২৫ জানুয়ারি
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও তিন মাস সময় দেওয়া হয়েছে। এ প্রতিবেদন জমার জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রবিবার এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। এই প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার অপর আসামি বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ। আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তিনি। তবে নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দেন জিয়াউল।
ট্রাইব্যুনালে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময়ের আবেদন করেন প্রসিকিউটর জহিরুল আমিন। পরে ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন আদালত।
এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, তাসমিরুল ইসলাম, শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
এর আগে, ২৩ আগস্ট এ মামলায় সাইফুর রহমানের জামিন নামঞ্জুর করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করা হয়। গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। জিয়াউলকে আগেই গ্রেফতার দেখানো হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জিয়াউল ও সাইফের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছে তদন্ত সংস্থা। তাদের কাছে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। ইলিয়াস আলীর গুমের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে দুজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

