এবার শাবিপ্রবিতে বিষপানে শিক্ষার্থীর মৃত্যু
প্রেমঘটিত কলহের জেরে বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন (২১) মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাঁধন রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
তাঁর মৃত্যুর মাধ্যমে গত তিন দিনে বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষার্থীকে হারানোর শোকাহত পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসে।
বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও কলহের জেরে সে এই পথ বেছে নিয়েছে।
সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে মেসে থাকা অবস্থায় বিষপান করেন বাঁধন। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। নয় দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি হার মানেন। এর আগে তিন মাস আগেও বাঁধন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাঁধনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী টিলারগাঁও এলাকায় মেসে থাকতেন।
এদিকে, বাঁধনের মৃত্যুতে গত তিন দিনে শাবিপ্রবির তিন জন শিক্ষার্থীকে হারিয়ে ক্যাম্পাসে শোকের মাতম চলছে: ১১ অক্টোবর সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহাদাত রহমান নাবিল, ১২ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (ব্রেইন হ্যামারেজ) কারণে মারা যান ইইই বিভাগের শিক্ষার্থী জিসান হাসান এবং সবশেষ ১৩ অক্টোবর বিষপানে মারা যান রসায়ন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন।
পরপর তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তীব্র বিষণ্ণতা ও শোকের ছায়া নেমে এসেছে।

