বড়লেখা ও জুড়ী সীমান্তে ৩ দিনে ৩০ জনকে ‘পুশইন’র চেষ্টা প্রতিহত করল বিজিবি
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে তিন দিনে প্রায় ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে ড্রোন নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় অনুপ্রবেশের এসব অপচেষ্টা প্রতিহত করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চল এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে মানব অনুপ্রবেশ করানোর চেষ্টা চালায় সংশ্লিষ্টরা। এমনকি একপর্যায়ে ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালানো হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল দ্রুত পদক্ষেপ নিয়ে সতর্ক অবস্থান নেয় এবং পুশ-ইনের সবকটি চেষ্টাই সফলভাবে প্রতিহত করে।
এ বিষয়ে বিয়ানীবাজার ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গত তিন দিনে প্রায় ৩০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হলে বিজিবির কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি নিশ্চিত করতে ড্রোন ক্যামেরা ও উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি দিন-রাত সীমান্ত টহল জোরদার রাখা হয়েছে। দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।

