অসহায়দের ন্যায়বিচার নিশ্চিতে বড়লেখায় জেলা ও উপজেলা লিগ্যাল এইডের সমন্বয় সভা
মৌলভীবাজারের বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির ২০১তম মাসিক সভা এবং জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য সরকারি খরচে আইনি সহায়তা নিশ্চিত করা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলাজট কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়ালের সভাপতিত্বে সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা। এছাড়া গ্রাম আদালতের কার্যক্রমকে আরও সক্রিয় করা এবং আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুর রহমান পাভেল, বড়লেখা চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাইমা নাদিয়া, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তারিক হাসান।
সভায় বক্তারা বলেন, অর্থাভাবে যাতে কোনো দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করছে। প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এই সেবার বার্তা পৌঁছে দিতে জেলা ও উপজেলা কমিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক সাদিয়া নাইমা হোসেন এবং ব্যাংক কর্মকর্তা অলিকা দাস। এ সময় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
