কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় নারীসহ একই পরিবারের চারজন রক্তাক্ত জখম হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে চারজনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন— ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে হারিছ উদ্দিন (৫০), তাঁর স্ত্রী দিলারা বেগম এবং দুই ছেলে ফারুক আহমদ ও আব্দুল আহাদ।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ির সীমানা ও জমিজমা নিয়ে হারিছ উদ্দিনের সঙ্গে একই বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলে জাকারিয়া, ইয়াহিয়া ও আম্বিয়া আহমদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে জাকারিয়া ও তাঁর সহযোগীরা হারিছ উদ্দিনের দখলীয় বসতবাড়ির জায়গায় জোরপূর্বক সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করতে যান। এতে হারিছ উদ্দিন বাধা দিলে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে জাকারিয়া, ইয়াহিয়া, আম্বিয়া ও জীবান আহমদ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হারিছ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা হারিছের মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর চিৎকারে স্ত্রী দিলারা বেগম ও দুই ছেলে ফারুক ও আহাদ তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন হারিছ উদ্দিন ও তাঁর স্ত্রী দিলারা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হারিছ উদ্দিন বাদী হয়ে হামলাকারী জাকারিয়া, ইয়াহিয়া, আম্বিয়া ও জীবান আহমদকে অভিযুক্ত করে সোমবার রাতে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
