বিগত সরকারের অর্থপাচারের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ কষ্ট
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে বিদ্যুৎ খাত থেকে ১ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ আওয়ামী লীগের অসাধু ব্যবসায়ীরা বিদেশে পাচার করে নিয়ে গেছে। ফ্যাসিস্ট আমলের সেই লুটপাটের কারণেই আজ দেশের মানুষকে বিদ্যুতের জন্য কষ্ট করতে হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ পৌর পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বিদ্যুৎ খাতের বড় বড় লুটেরারা আজ দুবাই, লন্ডন ও সিঙ্গাপুরে বসে আরাম-আয়েশ করছে, আর আমরা এখানে ভোগান্তি পোহাচ্ছি। বর্তমান সরকার ও আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংকট কাটিয়ে ওঠার নিরলস চেষ্টা চলছে। মাত্র ছয় মাসে ১৭ বছরের ক্ষত মেরামত করা কঠিন হলেও ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, জনগণের সুবিধার্থে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাবার ও ইউনিফর্ম নিশ্চিত করা হয়েছে। নারীদের জন্য গ্র্যাজুয়েশন পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ করা হয়েছে।
সিলেট-৬ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, আগামী মাস থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট থেকে শেওলা পর্যন্ত ৬ লেনের রাস্তার কাজ শুরু হবে। এছাড়া বাঘা ও কুঁড়ির বাজার ব্রিজের কাজ শেষ পর্যায়ে, যা এ বছরের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। আমাকে আগামী ২ বছর সময় দিন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তাঘাটের কোনো সমস্যা আমি রাখব না।
দলের নেতাকর্মীদের সতর্ক করে সংসদ সদস্য বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অবৈধ কাজ বা চাঁদাবাজি করলে তা বরদাশত করা হবে না। দলের ভাবমূর্তি নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই জনগণের সাথে সরাসরি সম্পর্ক রাখতে, কোনো মধ্যস্বত্বভোগী বা অপশক্তির স্থান এখানে হবে না।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল ও সাধারণ সম্পাদক মনিরউজ্জামান উজ্জল।
এর আগে বিকেল ৪টায় পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

