অর্থনীতিতে গতি সঞ্চার ও বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: সিলেটে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, শিল্পায়ন সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জ্বালানি সংকট, বিদ্যুৎ ব্যবস্থাপনা ও লজিস্টিকসহ অর্থনৈতিক উন্নয়নের পথে বিদ্যমান সকল প্রতিবন্ধকতা দূর করে শিল্প-বাণিজ্যের গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও শক্তিশালী করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট নগরীর তোপখানা রোডস্থ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির নিজস্ব কার্যালয় উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করেছে। শত প্রতিকূলতার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তাঁরই সুযোগ্য উত্তরসূরি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন এক সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বর্তমানে উৎসব-উদ্যাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবিলাই সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিটি খাতকে গতিশীল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিনিয়োগের পরিবেশ নিয়ে মন্ত্রী বলেন, বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিল্পায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিলেটে একটি ‘বেসিক শিল্পনগরী’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
আইনশৃঙ্খলা ও জনপ্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে সরকার বদ্ধপরিকর। জনগণ যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রেখেছে, সেই প্রত্যাশা পূরণে সরকার প্রতিটি পদক্ষেপে জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছে। একটি শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল অর্থনীতি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
বক্তব্য শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন।

