সুনামগঞ্জে প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ
বিশিষ্ট সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা এবং কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট সালেহ চৌধুরী-এঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গভীর শ্রদ্ধা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পৌরবিপণিস্থ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় সভায় সংগঠনের নেতৃবৃন্দ এই গুণী সাংবাদিকের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, সালেহ চৌধুরী ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। দাবার বোর্ড থেকে শুরু করে শিল্প-সাহিত্য এবং সাংবাদিকতার বিস্তৃত অঙ্গনে তাঁর বিচরণ ছিল ঈর্ষণীয়। তিনি কেবল একজন সাংবাদিকই ছিলেন না, বরং মহান মুক্তিযুদ্ধের এক লড়াকু সৈনিক হিসেবে দেশমাতৃকার স্বাধীনতায় সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’ এবং ‘সুনামগঞ্জ শহীদ মিনার’ প্রতিষ্ঠায় সালেহ চৌধুরীর বিশেষ ভূমিকা ও অবদান অনস্বীকার্য। বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে তাঁর নাম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ও সংগ্রামী জীবন ছড়িয়ে দেওয়ার জন্য নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল হেলাল, সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার, কালবেলা প্রতিনিধি কুদরত পাশা, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন এবং এসএ টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন প্রমুখ।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম সালেহ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পেশাদারিত্ব ও দেশপ্রেমের ক্ষেত্রে তাঁর প্রদর্শিত পথ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।
