ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩ নবজাতকের মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের আমরাবতীর একটি সরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এসএনসিইউ) সোমবার (২৪ আগস্ট) ভোরে অগ্নিকাণ্ডে ঘটনায় তিন নবজাতকের মৃত্যু হয়েছে। আহত একাধিক।
হাসপাতালের এসএনসিইউ ইউনিটের সামনেই একটি ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দ্রুত তা অন্যত্র ছড়িয়ে পড়ে। ওই সময় হাসপাতালের ওই কক্ষটিতে মোট ৩৯ জন শিশু চিকিৎসাধীন ছিল। তিনজনকে বাঁচানো যায়নি।
স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে আমরাবতী জেলা মহিলা হাসপাতালের চার তলায় হঠাৎ একটি ভেন্টিলেটরে বিস্ফোরণ হয়। হাসপাতালের নবজাতকদের বিশেষ ইউনিটের (এসএনসিইউ) সামনেই ভেন্টিলেটরটি ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে শিশুদের ওয়ার্ডে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এসএনসিইউ ইউনিটের সামনে ছুটে যান হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য কর্মীরা। দ্রুত শিশুদের বার করে আনার চেষ্টা করেন তারা। চিকিৎসার সরঞ্জামগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলেছে। তবে ছয় শিশুর অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়া এবং আগুনের তাপে তারা অসুস্থ হয়ে পড়েছে। তাদের নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ভোরেই ঘটনাস্থলে পৌঁছোন মহারাষ্ট্র পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তরা। তদন্ত শুরু হয়েছে। কীভাবে ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটল, কীভাবে আগুন ছড়িয়ে পড়ল, তাতে কারও গাফিলতি রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

