দিরাইয়ে সুরমা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুরাতন সুরমা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার টানাখালি বাজার সংলগ্ন নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টানাখালি বাজার এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দিরাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে, উদ্ধারকৃত মরদেহটি নিখোঁজ হওয়া লাকি বেগমের (৩০) হতে পারে বলে স্থানীয় পর্যায়ে গুঞ্জন রয়েছে। লাকি বেগম দিরাই উপজেলার জগদল গ্রামের আব্দুস শহীদের মেয়ে। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
নিখোঁজ লাকির চাচা দবির মিয়া জানান, স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান লাকি বেগম গত প্রায় এক বছর ধরে শান্তিগঞ্জ উপজেলার হলফ গ্রামে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছিলেন। গত শুক্রবার থেকে হঠাৎ তিনি নিখোঁজ হন। নদী থেকে উদ্ধারকৃত লাশটি তার কি না, তা যাচাই করা হচ্ছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পরিচয় শনাক্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
