শাল্লা থানার নবাগত ওসি সোহেলের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানকৃত মোহাম্মদ সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
২০ আগস্ট থানায় যোগদানের পর সম্প্রতি পুলিশের এই কর্মকর্তার সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে ওসি মোহাম্মদ সোহেল বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। এক্ষেত্রে সাংবাদিকদের লেখনী ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে। তিনি সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন— দৈনিক মানবজমিনের শাল্লা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার, দৈনিক আমার দেশের পাভেল আহমেদ, দৈনিক সোনালী সিলেটের প্রতিনিধি ফারুক মিয়া, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আমির হোসাইন, দৈনিক সিলেট জার্নাল ও জনবাণীর প্রতিনিধি নাসির সুলতান, এবং দৈনিক পল্লী বাংলার প্রতিনিধি জেসমিন খাতুনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ওসি মোহাম্মদ সোহেল এর আগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি শাল্লা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সচেতন মহলের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।
