সীমান্ত অপরাধ ও অনুপ্রবেশ রোধে জকিগঞ্জে বিজিবির সচেতনতা সভা
সীমান্তবর্তী জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধ এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ৩ নভেম্বর রাতে জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আমলশীদ বাজারে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্তবর্তী প্রায় ৮০ জন বাসিন্দা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত অতিক্রম করে অবৈধ যাতায়াত বন্ধ, বিএসএফ কর্তৃক যেকোনো ধরনের পুশইন প্রতিরোধ, অপদখলীয় ভূমির নিরাপত্তা, জিরো লাইনে মাছ ধরাসহ অন্যান্য অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকা, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তব্যে সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবর্তী জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই সীমান্ত অপরাধ বা চোরাচালানের সঙ্গে জড়িত হওয়া যাবে না।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের সন্দেহভাজন ব্যক্তি, অনুপ্রবেশ, চোরাচালান কিংবা নারী-শিশু পাচারের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা বিজিবি বা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অনুরোধ জানান।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

