মাধবপুরে বিদ্যালয়ের পাঠদান ও স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান। সেখানে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল ফিডিং কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রথম শ্রেণির শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে সরাসরি বাংলা পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ ছাড়া তিনি বিদ্যালয়ের মা সমাবেশের কার্যক্রম, শ্রেণিকক্ষভিত্তিক লাইব্রেরি, ‘বুক ক্যাপ্টেন’ উদ্যোগ ও বিদ্যালয় প্রাঙ্গণের পুষ্টিবাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
পরবর্তীতে সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১২টার দিকে প্রতিমন্ত্রী জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে চা-শ্রমিক পরিবারের সন্তানদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশ ও পুষ্টি কার্যক্রম পর্যবেক্ষণে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হবিগঞ্জ জেলার মাধবপুর ও বাহুবল উপজেলায় তিন দিনের সরকারি সফরে রয়েছেন। এ সফরকালে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় পরিচালিত কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্কুল ফিডিং কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
