শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে তিনশত লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. সোহেল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার ৩ নম্বর বাহারা ইউনিয়নের প্রতাপপুর সড়কের শ্মশানঘাট সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে শাল্লা থানা পুলিশ।
গ্রেপ্তার সোহেল মিয়া পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম কিবরিয়াসহ পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সোহেল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজতে থাকা বিভিন্ন পাত্রে রাখা মোট ৩০০ লিটার দেশি চোলাই মদ জব্দ করা হয়।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে; মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
