হবিগঞ্জে সাংবাদিক চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন
হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও লেখক চিন্ময় আচার্যের দীর্ঘ ৪৮ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম ও সমাজবাস্তবতার প্রতিফলন নিয়ে রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ ‘স্মৃতির পথে ৪৮ বছর’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘পদক্ষেপ হবিগঞ্জ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটির পাঠোন্মোচন করা হয়।
পদক্ষেপ হবিগঞ্জের সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক নাসরিন হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী, শচীন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরাশ শরীফী, দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মো. শাবান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জগদীশ মোদক এবং কবি তাহমিনা বেগম গিনি।
বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশন নয়, বরং এটি সময়ের দলিল। চিন্ময় আচার্যের এই গ্রন্থটি তাঁর দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনের এক মূল্যবান সংকলন। তাঁর লেখায় কেবল ব্যক্তিগত স্মৃতি নয়, বরং এ অঞ্চলের সমাজ বিবর্তন, মানুষের সংগ্রাম, নৈতিকতা এবং সময়ের কঠিন বাস্তবতা অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ এই গ্রন্থ।
অনুষ্ঠানে সাংবাদিক চিন্ময় আচার্যের জীবন ও কর্মের ওপর জীবনী পাঠ করেন নওরিন শশী। গ্রন্থ থেকে বিভিন্ন অংশ পাঠ করেন কুমকুম চৌধুরী ও পারমিতা টিয়া।
আলোচনা পর্বে আরও অংশ নেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল হাসান শরীফ, টিপু চৌধুরী, নৃত্যশিল্পী জেসমিন এ কে চৌধুরী, শিক্ষক শামীমা বেগম, অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল্লাহ, নাট্য সংগঠক বাবুল মল্লিক, নাট্যকর্মী আজহারুল ইসলাম মুরাদ এবং হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। পদক্ষেপ আবৃত্তি পরিষদের শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি ও শারমিন ঋতুর কণ্ঠে সংগীত অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন নওরীন শশী, জেরিন, ঋতু, চুমকি, পারমিতা, ইশরা, দেবার্ঘ্য, মোক্তাদির সোহেল, কুমকুম চৌধুরী ও নাসরিন হক।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা মনে করেন, ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থটি আগামী প্রজন্মের সংবাদকর্মীদের জন্য অনুপ্রেরণা ও ইতিহাসের আকর হিসেবে বিবেচিত হবে।

