জনগণের সম্পদ সুষমভাবে বণ্টন করা হবে: এস এম ফয়সল এমপি
হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সরকারি ত্রাণ ও বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও হলরুমে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৪৩ জন কৃষকের প্রত্যেককে চাল ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে ১৪ বান ঢেউটিন এবং নগদ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি চা বাগানের মানুষের কল্যাণে ৮টি বসতঘর, ৩৯টি বাইসাইকেল ও ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সাথে শিক্ষাবৃত্তি হিসেবে প্রাথমিক পর্যায়ের ১২৯ জন, মাধ্যমিকের ৭৭ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫২ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা আমাকে আপনাদের খাদেম হিসেবে নির্বাচিত করেছেন। রাষ্ট্রের সম্পদ আপনাদের মাঝে সুষমভাবে বণ্টন করা আমার দায়িত্ব। বর্তমান সরকারের বয়স মাত্র কয়েক মাস, তাই আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। আমি পর্যায়ক্রমে এলাকার সকল সমস্যার সমাধান করব এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি ও শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ এবং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী ও মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং চা বাগানের অবহেলিত মানুষের পাশে সরকারি এই সহায়তা সময়োপযোগী এবং কার্যকর ভূমিকা রাখবে।
