ছাতক ও দোয়ারাবাজারে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয় আগামী তিন বছর মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটির অনুমোদন প্রদান করেছে।
দোয়ারাবাজার উপজেলা কমিটি: দোয়ারাবাজার উপজেলায় টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব কাজী সাইফুল ইসলাম শামীম। গত ৪ আগস্ট দুদক সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজা আহমেদ জুনাব আলী ও কাজী ছয়ফুল ইসলাম। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গৌছুল ইসলাম।
কমিটির অন্য ৫ সদস্য হলেন— সায়রুজ্জামান, শায়েস্তা খানক, সামছুন্নাহার, মাওলানা শফিক মিয়া ও রিশাদ আলী।
ছাতক উপজেলা কমিটি: এদিকে, ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। গত ১০ আগস্ট দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদ এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি সাকির আমিন ও সীমা আক্তার ডলি। সদস্য হিসেবে রয়েছেন ফাতেমা বেগম, ছায়েদ মিয়া, ফারুক আহমদ চৌধুরী, মনোহর আলী ও বিপন কৃষ্ণ দাস।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নবগঠিত এই কমিটিগুলো স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, নতুন প্রজন্মের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং সামাজিকভাবে দুর্নীতিবিরোধী সকল কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দুদক সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিস্তার রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই নিয়মিতভাবে এসব কমিটি পুনর্গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
