পর্তুগাল যেতে ভারত যাওয়ার বিড়ম্বনা বন্ধের দাবি প্রবাসীদের
বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সকে সরাসরি চলাচলের সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছে 'সিলেট বিভাগ গণদাবি পরিষদ' পর্তুগাল শাখা।
শনিবার (১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ, সহ-সভাপতি এ.এইচ.এম নুরুল হুদা (নাহাজ), সাধারণ সম্পাদক সুমন আহমেদ সানী, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাছান ফারুকী এবং কোষাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে পর্তুগালে প্রচুর সংখ্যক বাংলাদেশী প্রবাসী বসবাস করছেন এবং তাঁরা নিয়মিত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করছেন। পর্তুগালে এখনো বাংলাদেশী শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো পর্তুগিজ ভিসা অফিস না থাকায় ইচ্ছুক শ্রমিকরা সহজে সেখানে যেতে পারছেন না। বর্তমানে বাংলাদেশীদের পর্তুগালের ভিসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হয়, যা সাধারণ মানুষের জন্য চরম জটিলতা, হয়রানি এবং বাড়তি অর্থ খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বাংলাদেশে সরাসরি ভিসা অফিস চালু হলে প্রবাসীরা সহজে পর্তুগাল যেতে পারবেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
একই বিবৃতিতে সিলেট বিভাগের প্রবাসীদের দীর্ঘদিনের দাবির কথা পুনর্ব্যক্ত করে বলা হয়, সিলেটে অবস্থিত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ ও সৌদি এয়ারলাইন্সের মতো বড় আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে সরাসরি ওঠানামা ও যাত্রী পরিবহনের সুযোগ দিতে হবে। এর ফলে প্রবাসীদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং সিলেট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
পর্তুগাল গণদাবি পরিষদের এই যৌক্তিক দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর। প্রবাসীদের সুবিধার্থে ও দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে এই দাবিগুলো দ্রুত মেনে নিতে তাঁরা সরকারের প্রতি জোর আহ্বান জানান।

